জামায়াত কর্মীদের হাতে আহত শ্রমিক লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ আগস্ট জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীদের হামলার শিকার সাতক্ষীরার শ্রমিক লীগ নেতা শেখ আলমগীর হোসেন (৪৮) ঢাকায় মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে।

নিহত আলমগীর হোসেন দেবহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়া গ্রামের শেখ দেলোয়ার হোসেনের ছেলে ও দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, চলতি সপ্তাহে জামায়াতের ডাকা হরতালের প্রথম দিনে দুপুর ১২টার দিকে আলমগীর হোসেন দেবহাটার সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের গরানবাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঁটা ও দা দিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর মাথা, মুখ ও শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিন দিন ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন।
এদিকে আলমগীরের মৃত্যুর খবর দেবহাটায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পারুলিয়া ও সখিপুর নামক স্থানে অবরোধ করে রাখে। তারা দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেরও দাবি জানায়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার গরানবাড়িয়া এলাকার সিরাজুল ইসলাম (২৭) ও শিমুলবাড়িয়া এলাকার মনিরুল ইসলামকে (২৪) আটক করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, আজ সকাল আটটার দিকে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। পরে জেলা আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় বেলা ১১টার দিকে অবরোধ তুলে দেওয়া হয়। দেবহাটা থানার ওসির প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।