জামায়াত নাশকতা করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও তাদের অনুসারী সংগঠন ছাত্রশিবির সিটি করপোরেশন নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এ জন্য তারা রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটের দিন বা তার আগে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে।

চার সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্য দিয়েছে। গতকাল বুধবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়।

কমিশন সচিবালয় সূত্র জানায়, বৈঠকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে ৬০ জন সন্ত্রাসীর তালিকা ইসির কাছে দেওয়া হয়েছে। এতে আওয়ামী লীগ, বিএনপি ও শিবিরের সন্ত্রাসী রয়েছে। ভোট গ্রহণের দিনের আগেই এদের পুলিশি হেফাজতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সন্ত্রাসীদের পুলিশি হেফাজতে নেওয়ার প্রস্তাব সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বৈঠকে বলেছেন, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এমন কিছু করা যাবে না, যাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সভায় নির্বাচনোত্তর বিজয় মিছিল করতে দেওয়া যাবে না বলেও সিদ্ধান্ত হয়।

তফসিল অনুযায়ী, ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে।

কাজী রকিব উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ অংশ নেন। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে এনএসআইয়ের মহাপরিচালক মনজুর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আকবর হোসেন, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক মোশারফ হোসেন ভুঁইয়া, আনসার ভিডিপির উপমহাপরিচালক এ কে এম মিজানুর রহমান এবং পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চার সিটি করপোরেশন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। ইতিমধ্যে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই।

বৈঠক সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার প্রধান ইসিকে জানান, জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম ভোটকেন্দ্র, এমনকি ভোটকেন্দ্রের বাইরেও নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছে। তাদের প্রথম লক্ষ্য রাজশাহী ও সিলেট।

সভা শেষে সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করেছি। কোনো কোনো জায়গায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা বা অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে। আমাদের জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। চিহ্নিত সন্ত্রাসীদের নজরদারির মধ্যে আনা হয়েছে এবং বহিরাগতদের নির্দিষ্ট সময়ের আগে নির্বাচনী এলাকা থেকে চলে যেতে বলা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’