জামায়াত নিষিদ্ধ ও গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির সাবেক আমির গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত ১৫ জুলাই দেওয়া ওই রায়ের পর্যবেক্ষণে জামায়াতকে অপরাধী সংগঠন বলা হয়।

এই রায়ের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ এই আপিল করেছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ আপিলটি দায়ের করে।

রায় ঘোষণার ২১ দিনের মাথায় ওই দণ্ডাদেশ থেকে খালাস চেয়ে আপিল করেছিলেন গোলাম আযম। আর ২৯ দিনের মাথায় রাষ্ট্রপক্ষ আপিল করল। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে রায়ের ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে। 

আপিল দায়েরের পর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘পাঁচটি অভিযোগে গোলাম আযমকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন, যা ৯০ বছর হয়। ওই রায় আমাদের অপর্যাপ্ত মনে হয়েছে। এ জন্য ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছি। এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছি। কারণ, ট্রাইব্যুনাল বলেছেন, সব অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে। এও বলেছেন, গোলাম আযমের মৃত্যুদণ্ড প্রাপ্য। আপিলে বলেছি, বয়স ও অসুস্থতা এখানে বিবেচনায় আসবে না। অভিযোগ প্রমাণিত হয়েছে ও মৃত্যুদণ্ডপ্রাপ্য বলা হয়েছে, তাই মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে।’

এম কে রহমান বলেন, ‘আরেকটি প্রার্থনা করেছি। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ দিয়েছেন জামায়াতে ইসলামী অপরাধী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। দীর্ঘ ৪২ বছরেও তারা মুক্তিযুদ্ধের ওপর তাদের অবস্থান পরিবর্তন করেনি। জনগণের কাছে তারা দুঃখ প্রকাশও করেনি। এসব পর্যবেক্ষণের ওপর ভিত্তিতে ও সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আলোকে আমরা কমপ্লিট জাস্টিজ (পরিপূর্ণ ন্যায়বিচার) চেয়েছি। বলেছি, পূর্ণ বিচারের নিমিত্তে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হোক।’      

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশে বলেন, আসামি গোলাম আযমকে প্রথম (ষড়যন্ত্র) ও দ্বিতীয় (পরিকল্পনা) অভিযোগে ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড, তৃতীয় (উসকানি) অভিযোগে ২০ বছর কারাদণ্ড, চতুর্থ (সহযোগিতা) অভিযোগে ২০ বছর কারাদণ্ড এবং পঞ্চম (সিরু মিয়া হত্যাকাণ্ড) অভিযোগে ৩০ বছর কারাদণ্ড দেওয়া হলো। কারাদণ্ডের প্রতিটি শাস্তি ধারাবাহিকভাবে একটির পর একটি বা মৃত্যু পর্যন্ত চলবে।

আরও বলা হয়, দালিলিক প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, অধ্যাপক গোলাম আযমের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে ইচ্ছাকৃতভাবে একটি অপরাধী সংগঠনের মতো কাজ করেছে, বিশেষ করে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময়ে। আরও বলা হয়, বিভিন্ন নথি ও সাধারণ ধারণা থেকে দেখা যায়, অভিযুক্ত গোলাম আযমের নেতৃত্বে জামায়াত ও এর সহযোগী সংগঠনগুলো প্রত্যক্ষভাবে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে। স্বাধীনতার ৪২ বছর পর স্বাধীনতাবিরোধী চক্রটি এখনো সক্রিয়। আর এর ফলে নতুন প্রজন্মের জামায়াত-সমর্থকেরাও মনস্তাত্ত্বিকভাবে স্বাধীনতাবিরোধী এবং সাম্প্রদায়িক মানসিকতায় দুষ্ট। আমাদের জাতির কাছে এমন কোনো প্রমাণ নেই যে একাত্তরে জামায়াত যে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করেছিল, তাদের সেই মানসিকতার পরিবর্তন হয়েছে এবং ৩০ লাখ শহীদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধার কোনো নিদর্শন তারা এখনো দেখায়নি।

প্রসঙ্গত, ১ আগস্ট হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন।