জামায়াত নেতা ইউসুফকে কারাগারে পাঠানোর নির্দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা জামায়াতে ইসলামীর নেতা এ কে এম ইউসুফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামীকাল সোমবার তাঁর জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
আজ রোববার বিকেল চারটার কিছু সময় পর পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইউসুফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করে।

এর আগে আজ বেলা পৌনে একটার দিকে র্যাব-২-এর একটি দল ধানমন্ডির বাসভবন থেকে এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইউসুফকে গ্রেপ্তারের বিষয়ে আজ বেলা তিনটায় র্যাব-২-এর কার্যালয়ে সংবাদ ব্রিফিং করা হয়। সেখানে জানানো হয়, র্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর মো. আনোয়ারুল হকের নেতৃত্বে একটি দল ইউসুফকে গ্রেপ্তার করে। পরে তাঁকে র্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।
মেজর মো. আনোয়ারুল হক জানান, পরোয়ানা হাতে পাওয়ার পরই ইউসুফকে গ্রেপ্তার করা হয়। গত প্রায় দুই সপ্তাহ তাঁর ধানমন্ডির বাসভবন নজরদারিতে রাখা হয়েছিল।
সকালে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, ইউসুফকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। ২৬ মের মধ্যে এই আদেশ পালন করতে হবে।
গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ও গ্রেপ্তারের আবেদন ট্রাইব্যুনালে জমা দেয় রাষ্ট্রপক্ষ। আজ রাষ্ট্রপক্ষের আইনজীবী হূষিকেশ সাহা আবেদনের শুনানি করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন।
আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, একাত্তরে বাগেরহাট জেলার (একাত্তরে খুলনা জেলার একটি মহকুমা) ডাকরা গ্রামের ভয়াবহ গণহত্যার সঙ্গে ইউসুফ জড়িত ছিলেন। ডাকরা গ্রামের কালীমন্দিরের পুরোহিত বিনোদবিহারী চক্রবর্তী ওই অঞ্চলের হিন্দুদের ধর্মগুরু ছিলেন। একাত্তরের ২১ মে দুপুর ১২টার মধ্যে ডাকরাসহ আশপাশের ২০-২১টি গ্রামের প্রায় চার হাজার হিন্দু ভারতের শরণার্থী শিবিরে যাওয়ার উদ্দেশে ওই কালীমন্দিরে গিয়ে জড়ো হয়। ইউসুফকে এ খবর পৌঁছে দেন ডাকরা গ্রামের মুসলিম লীগের নেতা ও স্বাধীনতাবিরোধী লিয়াকত আলী গজনবী ও আলতাব গজনবী। ইউসুফ তখন কুখ্যাত রাজাকার রজব আলী ফকিরসহ (পরে আত্মহত্যা করেন) ৪০-৫০ জন রাজাকারের একটি দল ডাকরা গ্রামে পাঠান। ওই দলটি পরিকল্পিতভাবে দুই ভাগ হয়ে নির্বিচারে গুলি চালায় কালীমন্দিরে জড়ো হওয়া হিন্দুদের ওপর। দুই-তিন ঘণ্টা চলা ওই হত্যাযজ্ঞে প্রায় ৭০০ হিন্দু মারা যায়। ওই গণহত্যায় নিহত ব্যক্তিদের মধ্যে ১০৪ জনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানায়, ইউসুফের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধ ও এতে সহযোগিতার আরও আটটি অভিযোগ রয়েছে। এগুলো হলো একাত্তরের ১৯ এপ্রিল রামপালে শান্তি কমিটির সভায় লুট ও ধ্বংসের প্রকাশ্য আদেশ দেওয়া, ২২ এপ্রিল কচুয়ার ১০টি গ্রামের ৩০০-৪০০ হিন্দুবাড়িতে লুট ও অগ্নিসংযোগ, ১৩ মে মোরেলগঞ্জের আবু বক্কর সিদ্দিক হত্যা, ১৭ মে মোরেলগঞ্জ বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান-বসতবাড়িতে লুট ও অগ্নিসংযোগ, ৯ জুন শরণখোলার তাফালবাড়ি গ্রামে হত্যাকাণ্ড, ৭ জুন শরণখোলার রায়েন্দা গ্রামে হত্যা, ২৬ জুলাই মোরেলগঞ্জে ডা. মজিদ হত্যা ও ২৯ জুলাই রায়েন্দাতে সালাম হত্যা।
রাষ্ট্রপক্ষের সূত্র জানায়, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য এ কে এম ইউসুফ একাত্তরে ৯৬ জন জামায়াত সদস্য ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে খুলনার আনসার ও ভিডিপি ক্যাম্পে প্রথম সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন। একাত্তরে তিনি মালেক মন্ত্রিসভার রাজস্ব, পূর্ত, বিদ্যুত্ ও সেচমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধ শেষে দালাল আইনে ইউসুফের বিচার হয়েছিল এবং তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে ১৯৭৩ সালের ৫ ডিসেম্বর তিনি মুক্তি পান। গত ২২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করে।
কারাগহারে পাঠানোর নিদৃেশ দেন ট্রাইবূনাল ১। জামিন বিষয়ের শুনানি আগামীকাল