গাড়ি পোড়ানোর অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় চট্টগ্রাম নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলীর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, ২০১২ সালের ১৩ মে নগরের ওয়াসা মোড়ে গাড়ি পোড়ানোর অভিযোগে কোতোয়ালি থানায় করা মামলায় জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে গত মাসে অভিযোগপত্র দেয় পুলিশ। গতকাল আদালত ২৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী তাঁদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করেন। ২৩ আসামির মধ্যে শুনানিকালে উপস্থিত ছিলেন শামুসলসহ সাতজন। বাকি ১৬ আসামি অনুপস্থিত থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার আসামিরা জামায়াত ও বিএনপির কর্মী।