জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার প্রধান আসামি উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডলকে আজ সোমবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বগুড়ার সরকারি কৌঁসুলি হেলালুর রহমান জানান, সকালে নুরুল ইসলাম মণ্ডল বগুড়ার জেলা জজ আদালত-২-এ হাজিরা দিতে যান। এ সময় তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারক সাব্বির ফয়েজ জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত বছর বগুড়ায় জামায়াত-শিবিরের সহিংসতার সময় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সরকারি দপ্তরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নুরুল ইসলাম মণ্ডলসহ বিএনপি ও জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর পর থেকে নুরুল ইসলাম মণ্ডল পলাতক। আজ তিনি জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে ওই নির্দেশ দেন।
গত বছরের ৩ মার্চ মধ্যরাতে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদের মাইক থেকে গুজব ছড়িয়ে দেওয়া হয়। বলা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখ চাঁদে দেখা যাচ্ছে। এরপর ভোরের দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে অবস্থান নেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা মিছিল করতে করতে উপজেলা পরিষদে দুই দফা হামলা চালান। প্রায় তিন ঘণ্টা ধরে এ হামলায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সরকারি দপ্তরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর সরকারি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়।