জামায়াত নেতার জামিন চাইলেন আ.লীগ নেতা
মেহেরপুর জেলা ও দায়রা জজের কাছে জামায়াতের এক নেতার জামিন চেয়েছেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক খন্দকার আবদুল মতিন। একই সঙ্গে তিনি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি। ওই আদালতে পুলিশের ওপর জামায়াতের কর্মীদের হামলার ঘটনায় হওয়া একটি মামলার শুনানি চলাকালে গতকাল বুধবার তিনি এ আবেদন করেন।
জানা গেছে, গতকাল জজ আদালতে সম্প্রতি হরতালের সময় পুলিশের ওপর জামায়াতের কর্মীদের হামলার ঘটনায় হওয়া মামলার শুনানির দিন ছিল। ওই মামলার ২৯ নম্বর আসামি হাবিবুর রহমান ওরফে তোফার পক্ষে শুনানিতে অংশ নেন আবদুল মতিন। তিনি উপজেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক।
আইনজীবীরা জানান, যিনি অতিরিক্ত সরকারি কৌঁসুলি তিনিই জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। জামায়াতের নেতার পক্ষে জামিন চাওয়াটা তাঁর জন্য সম্পূর্ণ অনৈতিক হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী জানান, এপিপি হয়ে এমন বিতর্কিত মামলা পরিচালনা করা ঠিক হয়নি। কেননা, তাঁরা সরকারি ভাতা পান। তা ছাড়া জামায়াত নেতার পক্ষে জামিন চেয়ে তিনি (আবদুল মতিন) দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি রফিক উজ্জামান জানান, আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোনো পিপি বা অতিরিক্ত পিপি বেসরকারি মামলা পরিচালনা করতে পারেন না। অথচ মেহেরপুরে এ নির্দেশনা মানা হচ্ছে না।
খন্দকার আবদুল মতিন দাবি করেন, তিনি যেকোনো মামলা পরিচালনা করতে পারেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।