জামায়াত বাংলাদেশের নয়, পাকিস্তানের: জয়

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘উচ্চ আদালতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়টি একটি অসাধারণ বিজয়। এটা শুধু আওয়ামী লীগের সরকারের সময় বলেই সম্ভব হয়েছে।’ তিনি বলেছেন, ‘পাকিস্তানের জামায়াত-ই-ইসলামির আমির জামায়াতের সমর্থনে আমাদের উচ্চ আদালতের বিরুদ্ধে বলেছে। এতে প্রমাণিত হয়, জামায়াত বাংলাদেশি নয়, এটি একটি পাকিস্তানি দল।’ আজ শুক্রবার ফেসবুক ফ্যান পেইজে এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় এ মন্তব্য করেন। সজীব ওয়াজেদ জয় আরও বলেন, বিএনপিও জামায়াতের পক্ষ নিয়ে উচ্চ আদালতের বিপক্ষে বলেছে। বিএনপি আবারও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে। এটা বাংলাদেশ-বিরোধী এবং দেশদ্রোহিতা। এদিকে গতকাল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রায় ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই জামায়াত এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচটি মামলায় জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে রায় দিয়েছিলেন।