জামায়াত-শিবিরকে আইন করে নিষিদ্ধ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এরপর তাদের অঙ্গসংগঠন ছাত্রশিবিরকে নিয়ে জঙ্গিবাদের প্রসার ঘটিয়েছে। তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আর এ জন্য প্রয়োজন আইনি, সামাজিক এবং সর্বোপরি তারুণ্যের ত্রিমুখী লড়াই।গতকাল শুক্রবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ ও মুক্তিযদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক গণসংলাপে বক্তারা এসব কথা বলেন। শাহবাগের গণজাগরণ মঞ্চ এ সংলাপের আয়োজন করে।জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সংলাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে হলে জামায়াতে ইসলামীর মতো সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দল হিসেবে নয়, একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা যায়। নিষিদ্ধ না করলে তাদের সন্ত্রাস ও জঙ্গিবাদ সারা দেশে ছড়িয়ে পড়বে। শিক্ষাবিদ অজয় রায় বলেন, জামায়াতে ইসলামীকে সাম্প্রদায়িক সংগঠন হিসেবে যদি দেখা হয়, তবে তারা অসাম্প্রদায়িক দেশে কাজ করতে পারে না। আবার যদি ধর্মভিত্তিক দল হিসেবে দেখা হয়, তবে তারা রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে না। কিন্তু তারা তাদের সীমা ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদে আইন পাস করে তাদের নিষিদ্ধ করার জন্য তিনি সাংসদদের অনুরোধ জানান।শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবাল বলেন, বাংলাদেশের অর্থনীতি চালান কৃষক, গার্মেন্টস শ্রমিক আর প্রবাসী শ্রমিকেরা। বাংলাদেশ নামক গাড়িতে এই তিনটি চাকা লাগানো আছে। চতুর্থ চাকাটি লাগাতে হবে তরুণ প্রজন্মকে। পড়াশোনা করতে হবে, জানতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী হাজার হাজার কোটি টাকা তৈরি করেছে রাজনীতির জন্য। তরুণদের শত শত কোটি টাকা তৈরি করতে হবে গরিব মানুষের জন্য। তিনি তরুণদের উদ্দেশে বলেন, এ দেশকে মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া বিনির্মাণ করা সম্ভব নয়। তাই এ চেতনাকে বুকে ধারণ করতে হবে। তাহলে আর কোনো শক্তিই ভয় দেখাতে পারবে না।অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেন, বৈষম্যহীন সমাজ এবং অসাম্প্রদায়িক মানস কাঠামো তৈরির উদ্দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু এর কোনোটাই বাস্তবায়িত হয়নি।সংলাপ অনুষ্ঠানে উপস্থিত এক দর্শকের প্রশ্নের জবাবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, জামায়াত-শিবিরের ভোট দিয়ে কেউ ক্ষমতায় যাবেন এটা হতে দেওয়া হবে না। বরং নিষিদ্ধ করে ক্ষমতায় গেলে সেটি আরও পাকাপোক্ত ও সবার জন্য কল্যাণের হবে। বক্তব্যে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, একমাত্র জামায়াত নিষিদ্ধ করার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জীবিত হতে পারে।গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ রসূলের সঞ্চালনায় সংলাপে অন্যদের মধ্যে ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, সাবেক ছাত্রনেতা মাহবুব জামান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব, হাক্কানি খানকা শরিফের সভাপতি ইমদাদুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ প্রমুখ বক্তব্য দেন।এদিকে একই দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে শহীদ রুমী স্কোয়াডসহ কয়েকটি সংগঠন।