জামায়াত শিবিরের ছয় কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছাত্রলীগের নেতা খলিলুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জামায়াত-শিবিরের ছয়জন কর্মীকে আটক করেছে।
গত শুক্রবার চারজনকে এবং গতকাল শনিবার ভোরে দুজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন তারেকুল ইসলাম, রশিদ মিয়া, আবদুর রশিদ, আনিছুর রহমান, শাহিন আলম ও রফিকুল ইসলাম। এদিকে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী খান জানিয়েছেন।
খলিলুর ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখার সভাপতি ছিলেন। তিনি সম্প্রতি পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ পান। তাঁর বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামে। চার-পাঁচ দিন আগে তিনি বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের বাড়িতে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, খলিলুর গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ডোমেরহাট বাজারের একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের একদল কর্মী রামদা ও হকিস্টিক হাতে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বগুড়ায় বিক্ষোভ-সমাবেশ: বগুড়া প্রতিনিধি জানান, খলিলুর রহমানকে হত্যার প্রতিবাদে গতকাল বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। সমাবেশ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জামায়াত-শিবিরের ক্যাডারদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বগুড়ার সাতমাথা চত্বরে ওই সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল বলেন, বিএনপির মদদ পেয়ে জামায়াত-শিবির আবারও মুখোশ খুলে একাত্তরের পথ ধরে গুপ্তহত্যায় মেতেছে। তারা বোমা মেরে, গাড়িতে আগুন দিয়ে খেটে খাওয়া মানুষকে পুড়িয়ে মারছে। সমাবেশে জেলা ও বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।