জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা
মাগুরা

মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মী ও গ্রামবাসীর সংঘর্ষে পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত-শিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের এসআই মো. ইকবাল ও আশরাফুল ইসলাম এবং কনস্টেবল আবদুস সালাম। মো. ইকবালের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় জামায়াত-শিবিরের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে শালিখার ছান্দড়া দাখিল মাদ্রাসার পাশে একটি মসজিদে অভিযান চালায় পুলিশ। সেখানে জামায়াত-শিবিরের ১৭-১৮ জন নেতা-কর্মী গোপন বৈঠক করছিলেন। পুলিশ মসজিদটি চারপাশ থেকে ঘিরে ফেলে জামায়াত-শিবিরের কর্মীদের তল্লাশি শুরু করে। জামায়াত-শিবিরের কর্মীরা ডাকাত ডাকাত বলে চিত্কার শুরু করলে গ্রামবাসী সেখানে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ, জামায়াত-শিবির ও গ্রামবাসীর মধ্যে দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি গুলি ছোড়ে পুলিশ। এ সময় গুলিতে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন কর্মী আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার জিহাদুল কবীর প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের পাশাপাশি জামায়াত-শিবিরের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত হওয়ার সংখ্যা বা পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ পর্যন্ত নয়জনকে আটক করা হয়েছে। এখনো অভিযান চলছে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাহেব আলী পাঠান জানান, ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, শিবিরের সদস্য ফরম, প্রচারপত্র, কিছু ইসলামি বই উদ্ধার করা হয়েছে।