পুলিশকে পেটানো ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা দুটি মামলায় জামায়াত-শিবিরের ২৩০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. তৌহিদুল ইসলাম চৌধুরীর আদালতে এ অভিযোগপত্র দেওয়া হয়।
মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম এ অভিযোগপত্র জমা দেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলার শুনানির জন্য আগামী ১৩ অক্টোবর তারিখ ধার্য করেছেন।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন দিনাজপুর জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি মাহবুবুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি আয়েজউদ্দীন শাহ, শহর জামায়াতের আমির তৈয়ব উদ্দীন, খানসামা উপজেলা জামায়াতের আমির আতাউর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মশিউর রহমান, সেক্রেটারি মতিউর রহমান, দিনাজপুর সরকারি কলেজ শাখা শিবিরের সেক্রেটারি আয়তুল্লাহ খোমিনী, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি সিরাজুল সালেহিন, কেন্দ্রীয় শিবির নেতা মাহবুবুর রহমান ও পার্বতীপুর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউর রহমান।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২ মার্চ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার টেক্সটাইল বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে ওই অবরোধ সৃষ্টি করা হয়। তখন ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং যানবাহন ভাঙচুরসহ ব্যাপক নাশকতা ঘটানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, অবরোধকালে হামলায় পুলিশের নায়েক শাহ আলমসহ আটজন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় কোতোয়ালি থানার এসআই বি এম নাজমুল হুদা বাদী হয়ে জামায়াত-শিবিরের ১৭৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে দুটি মামলা করেন। মামলার তদন্তকালে আরও ৫৬ জনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় আদালতে মোট ২৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ১৬৭ জন আসামি পলাতক আছেন। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৬৩ জন। এঁদের মধ্যে ৫৫ জন জামিনে মুক্তি পেয়েছেন। বর্তমানে আটজন আসামি দিনাজপুর জেলা কারাগারে আটক আছেন। মামলার ৬২ জন সাক্ষীর মধ্যে ৪৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।