জামায়াত শিবিরের ২৫ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গতকাল রোববার ভোরে জামায়াত-শিবিরের ২৫ জন কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে হামলা চালিয়ে ও কুপিয়ে আওয়ামী লীগের দুই নেতা-কর্মীকে জখম করার অভিযোগে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা দেবহাটার সখিপুর ও আশকারপুর এবং কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা ও ইন্দ্রনগর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ শনিবার সন্ধ্যার দিকে দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় অভিযান চালায়। কিন্তু কাউকে গ্রেপ্তার করতে না পেরে রাত নয়টার দিকে পুলিশ থানায় ফিরে যায়। এরপর জামায়াত-শিবিরের কর্মীরা লাঠি, দা ও রড নিয়ে মিছিল করেন। এ সময় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আকিমুদ্দিন (৪০) ও সখিপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ কর্মী মো. নাজিমউদ্দিন বাড়ি ফিরছিলেন। পথে ধোপাডাঙ্গা মোড়ে মিছিলকারীরা তাঁদের ওপর হামলা চালিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেন।