জামায়াত-শিবিরের ৬ নেতা চট্টগ্রামেগ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত নগরের হালিশহর, বাকলিয়া, ডবলমুরিং ও পাহাড়তলী থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ রোববারের হরতালে নাশকতার আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। নগরের মিস্ত্রিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক-ই-আজমকে (২৫)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম জানান, ফারুক শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক নগর শিবিরের দপ্তর সম্পাদক। পাহাড়তলী থানার পুলিশ কামাল উদ্দিন (৪২) নামের জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করে। লতিফপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল শনিবার ভোরে বাকলিয়া থানার পুলিশ কর্ণফুলী সেতু এলাকা থেকে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে। তাঁদের কাছে থাকা মোবাইল ফোনে নাশকতা সৃষ্টিসংক্রান্ত এসএমএস পাওয়া গেছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম ইকবাল জানান। এদিকে হালিশহরের রামপুরা থেকে জামায়াত-শিবিরের দুই কর্মীকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়।