জামায়াত-সমর্থিত কাউন্সিলর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জামায়াত-সমর্থিত কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের হাজতখানা থেকে তাঁকে কারাগারে পাঠানো হয়। যুদ্ধাপরাধের মামলার রায়কে ঘিরে নগরে নাশকতামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাঁকে গতকাল সকালে নগরের মুরাদপুর রওশন বোডিং এলাকা থেকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান জানান, সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জামান হেলালীর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁকে রওশন বোর্ডিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, পুলিশের ওপর হামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।
চট্টগ্রাম আদালতের মহানগর হাজতখানার দায়িত্বরত উপপরিদর্শক জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, হরতালে কোর্ট না বসায় শুনানি হয়নি। আদালতের অনুমতি নিয়ে শামসুজ্জামান হেলালীকে কারাগারে পাঠানো হয়েছে।