জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত প্রতিহতের ঘোষণা
সরকার জামায়াতে ইসলামীকে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে দলটি। এ চক্রান্ত প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করে তা প্রতিহত করার ঘোষণা দেন। তিনি বলেন, জামায়াতকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণ এ ষড়যন্ত্র প্রতিহত করবে।
বিবৃতিতে দাবি করা হয়, জামায়াত বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের দল। জামায়াত প্রত্যেক নির্বাচনে অংশগ্রহণ করেছে। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত কাউন্সিলরদের প্রাপ্ত ভোট থেকে প্রমাণিত হয়, জামায়াতের জনপ্রিয়তা ও সমর্থন অনেক বৃদ্ধি পেয়েছে। সরকার দিশেহারা হয়ে এ জন্য জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত করছে।
বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করা এবং প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে জামায়াতের নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।