জামায়াতকে নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে গতকাল রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণজাগরণ মঞ্চের একাংশ l ছবি: প্রথম আলো
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে গতকাল রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণজাগরণ মঞ্চের একাংশ l ছবি: প্রথম আলো

যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে তারা এ দাবি জানায়।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে হরতালবিরোধী মিছিল বের করে গণজাগরণ মঞ্চের এই অংশ। ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।
এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সংক্ষিপ্ত বক্তব্যে সারা দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলসহ সর্বস্তরের মানুষকে হরতাল প্রত্যাখ্যান ও প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘নিজামীর ফাঁসির রায়ে সারা বিশ্বের মানুষ খুশি হয়েছে, আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। যাঁরা দায়িত্বশীল রয়েছেন, তাঁদের উচিত অবিলম্বে এই যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা।’ এ সময় তিনি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান।
ছাত্র সংগ্রাম পরিষদের মিছিল: দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ‘ছাত্র সংগ্রাম পরিষদের’ ব্যানারে হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলটি কলা ভবন ঘুরে টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।