জামায়াতে ইসলামী হচ্ছে ঘোমটা পরা জঙ্গিবাদ: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জামায়াতে ইসলামী হচ্ছে মুখোশ পরা উগ্রবাদ, ঘোমটা পরা জঙ্গিবাদ। তারা সুযোগ পেলেই সংবিধানের বিরুদ্ধে, পতাকার বিরুদ্ধে, শহীদ মিনারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।’
তথ্যমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী একটি সশস্ত্র জঙ্গিবাদী দল, ইংরেজিতে বললে ‘জামায়াতে ইসলামী ইজ এ টেরোরিস্ট অর্গানাইজেশন’। বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো রীতিনীতিতেই কোনো জঙ্গিবাদী সশস্ত্র দলের কাজ করার অধিকার থাকে না। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের অষ্টম ওয়েজ বোর্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক আছে। ওই বৈঠকে সাংবাদিকদের অষ্টম ওয়েজ বোর্ড প্রস্তাবনা উত্থাপন করা হবে। মন্ত্রিসভায় বিবেচনা হলে ওইদিন বিকেলের মধ্যেই একটি সিদ্ধান্ত জানানো হবে।