জামায়াতের আজ আবার বিক্ষোভ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ বৃহস্পতিবার আবারও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। গত সোমবার বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পর এ কর্মসূচি দেওয়া হলো।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বুধবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। ‘আবদুল কাদের মোল্লাসহ জামায়াত ও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে’ এ কর্মসূচি দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ পৃথক বিবৃতিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘জামায়াত নিষিদ্ধ করতে আসুন জাতীয় চুক্তি করি’ মর্মে গত মঙ্গলবার যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রী জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসের যেসব অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। তাঁর অভিযোগগুলো জাসদ, আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোটের ক্ষেত্রেই প্রযোজ্য।