জামায়াতের আমির হয়ে গেছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতি বেশ কষ্টে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি ভালো চলে যখন অর্থনীতির নায়ক-নায়িকারা ভালো চলে। কিন্তু হরতাল-অবরোধে সব অচল হয়ে পড়েছে। আর এ অবস্থার জন্য দায়ী বিএনপি ও জামায়াতে ইসলামী।
সচিবালয়ে গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির সব প্রক্রিয়া থমকে যাচ্ছে। এটা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপহার। দুঃখের বিষয় হচ্ছে, বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন জামায়াতের আমির হয়ে গেছেন।
দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি খুবই উদ্বিগ্ন। কোনো উন্নয়নকাজ হচ্ছে না। মানুষ চলাফেরা করতে পারছে না। বিপজ্জনক হয়ে পড়েছে দেশের ভবিষ্যৎ। অর্থনৈতিক যেসব লক্ষ্যমাত্রা করা হয়েছিল, সেগুলো কোথায় যে যাবে, বলা কঠিন।’
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এর জন্য এককভাবে বিএনপি-জামায়াত দায়ী।
হরতাল-অবরোধের কারণে বৈদেশিক ঋণ ও সহায়তা কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, একই কারণে বাজেটের আকারও কমিয়ে আনতে হতে পারে।
রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমি জানি না। এ ব্যাপারে গোপনীয় কথাবার্তা হয়।’
সরকারের করণীয় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন থাকায় সরকার এখনো নমনীয়। কিন্তু নমনীয়তা কত দিন ধরে রাখা যাবে, বলা মুশকিল।’
আগামী নির্বাচনে ড. মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাবেন বলে মনে করছেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘উনার ভাষা সন্ত্রাসের ভাষা। অথচ উনি নাকি শান্তির দূত। উনার ব্যবহার সন্ত্রাসীর মতো। দুই বছর ধরে বেআইনিভাবে তিনি সরকারি বাড়িতে আছেন। বলার পরও ছাড়ছেন না, অথচ একজন সম্মানী মানুষ উনি।’