জামায়াতের আমিরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বগুড়ায় জামায়াতের জেলা আমিরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দেলাওয়ার সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে তাণ্ডব ও সহিংসতার ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।
বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক এমদাদুল হক এ আদেশ দেন। বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাজেদুর রহমান, বগুড়া পৌরসভার সাবেক কমিশনার এরশাদুল বারী, সারোয়ার হোসেন, আবদুল হাকিম ও মো. আবদুল কাইয়ুমের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ৩ জানুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে চাঁদে দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেখার গুজব ছড়িয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরের সাতমাথায় পুলিশ ও র্যা বের ওপর হামলা করেন। পরিস্থিতি সামলাতে পুলিশ কয়েক শ গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে পুলিশ একটি মামলা করে। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ২১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এত দিন আসামিরা জামিনে ছিলেন। গত মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতে তাঁরা জামিনের সময় বাড়ানোর আবেদন জানান। আদালত সময়ের আবেদন খারিজ করে দিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।