জামায়াতের ঢিলেঢালা হরতাল গ্রেপ্তার ৩৫, আটক ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মুহামঞ্চদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল রোববার বড় কোনো সহিংসতা ছাড়াই শেষ হয়েছে। এদিকে ঝিনাইদহে চার নারীসহ দেশের কয়েকটি স্থান থেকে জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার ও ১৬ জনকে আটক করেছে পুলিশ।

 হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের কারণে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা হরতালের আওতামুক্ত ছিল। শেরপুর, পঞ্চগড়, জয়পুরহাট ও ব্রাক্ষণবাড়িয়ায় হরতাল হয়নি। চট্টগ্রাম, সাতক্ষীরা, পাবনা, টঙ্গী ও চাঁদপুরে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। প্রথম আলোর অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

নগর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামায়াত-শিবিরের ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ঝিনাইদহ: শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার নারীসহ জামায়াতের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সড়ক অবরোধ, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদান মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন পারভীন আক্তার, মহিরন্নেছা, জামেলা খাতুন, নাসিমা খাতুন, মিনহাজুল ইসলাম, সেলিম হোসেন, মহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম।

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চৌয়ারা ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, পিপুলিয়া মাদ্রাসার ছাত্রশিবিরের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক আবু হানিফ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁরা সেখানে গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ জানায়।

সাতক্ষীরা: হরতালে সাতক্ষীরার তালতলা, ছয়ঘরিয়া, বাঁকাল ও রামচন্দ্র মোড়ে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেন জামায়াত-শিবিরের কর্মীরা। বাঁকাল ও আলীপুর এলাকা থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আলীপুর এলাকার মালেক সরদারের ছেলে আশরাফুল ইসলাম (১৮) ও শহরের পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার রুহুল কুদ্দুসের ছেলে শহিদুজ্জামান (১৯)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আমানুল্লাহ জানান, নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে শহরের আলীপুর ও বেনেরপোতা এলাকা থেকে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর: ভোরে চাঁদপুর শহরের কালীবাড়ী মোড় এলাকায় রাস্তায় পেট্রল ঢেলে আগুন দেন শিবিরের কর্মীরা। এ ছাড়া চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কের কালীভাংতি এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধের চেষ্টা করেন তাঁরা। গতকাল চাঁদপুর থেকে শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মতলব দক্ষিণ (চাঁদপুর): মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম মোস্তফা ও পৌর জামায়াতে ইসলামীর আমির গোলাম মাওলাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় উপজেলা সদর বাজার থেকে তাঁদের আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কোথাও হরতাল না হলেও নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মহিউদ্দিনসহ জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বাউফল (পটুয়াখালী): নাশকতার পরিকল্পনার অভিযোগে পটুয়াখালীর বাউফল পৌরসভা জামায়াতের আমির আবদুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ কর্মকার প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী: মহানগরের রাজপাড়া থানা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফরিদ উদ্দিনকে গতকাল মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। তিনি নগরের মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

রাজবাড়ী: গত মাসের একটি হরতালের সময় গাড়ি ভাঙচুরের মামলার আসামি মো. আবদুল জব্বারকে রাজবাড়ী সদর থানা পুলিশ শনিবার রাতে গ্রেপ্তার করেছে। গতকাল তাঁকে আদালতে পাঠানো হয়। তিনি জেলা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক ও শ্রীপুর বাজার এলাকার বাসিন্দা।

অন্যদিকে বালিয়াকান্দি থানা-পুলিশ ইমরুল কায়েস (১৯) নামে এক শিবিরের ক্যাডারকে গ্রেপ্তার করেছে। তিনি একই উপজেলার দুগলবাড়ী গ্রামের আবুল ফজল মণ্ডলের ছেলে।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর উপজেলা জামায়াতের আমির ও স্থানীয় নারায়ণপুর ডিএস ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মহিউদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পৌর এলাকার মাঝিকাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।