জামায়াতের দুই কর্মী গ্রেপ্তার
নাশকতার অভিযোগে বগুড়ার শেরপুর ও কক্সবাজারের মহেশখালী থেকে গত রোববার জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার শেরপুরে রোববার রাতে উপজেলার জুয়ানপুর গ্রাম থেকে জামায়াতের কর্মী হায়দার আলীকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়ার জেলখানায় পাঠানো হয়েছে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, ২০১৩ ও ২০১৫ সালের নাশকতার ঘটনায় হায়দার আলীর নামে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কক্সবাজারের মহেশখালীতে নাশকতার অভিযোগে মোহাম্মদ ইব্রাহিম (৩৮) নামের এক মাদ্রাসার শিক্ষক ও জামায়াত কর্মীকে গত রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার চালিয়াতলি বালুর ডেইল এলাকা থেকে আটক করে পুলিশ।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, রোববার রাতে কালারমারছড়া বালু ডেইল এলাকায় জামায়াতের কর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন এবং রাস্তা অবরোধ করে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। পুলিশ ওই এলাকায় গিয়ে অভিযান চালিয়ে জামায়াতের কর্মী ও কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিমকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে গতকাল সোমবার মোহাম্মদ ইব্রাহিমসহ ১২ জামায়াত কর্মী ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।