জামায়াতের দুই নেতাকে তলব করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় প্রচার বিভাগের মোহাম্মদ ইব্রাহিমকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আগামী ১৬সেপ্টেম্বর তাঁদের আদালত অবমাননার বিষয়াদি শুনানির এখতিয়ারসম্পন্ন বেঞ্চে হাজির হতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই দিন এক বিবৃতিতে রফিকুল ইসলাম ওই রায় প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলেন, ‘এই রায়ের মাধ্যমে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে। আমরা মনে করি, এটি আইনের শাসন, গণতন্ত্র, মৌলিক অধিকার ও সংবিধান-পরিপন্থী।’ বিবৃতিতে জানানো হয়, ‘পবিত্র রমজান মাসের শেষ দিকে এসে মহামান্য হাইকোর্টের ছুটির ঠিক আগের দিন আদালত চলার সর্বশেষ মুহূর্তে এই মামলার রায় ঘোষণা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র।’

আজ এ বিষয়টি আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ রেজা সোবহান। শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।