নীলফামারীতে ২০১৩ সালে বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে চার নেতা-কর্মীকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঘটনার এক বছর তিন মাস পর দাখিল করা এই অভিযোগপত্রে বিএনপি-জামায়াতের ২০৭ জনকে আসামি করা হয়েছে।
নীলফামারীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে গতকাল রোববার দুপুরে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। এতে যে ২০৭ জনকে আসামি করা হয়েছে তার মধ্যে রয়েছেন নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবু হেলাল ও সদর উপজেলা জামায়াতের আমির খায়রুল আনাম।
জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত জেলা সদরের পলাশবাড়ি ও লক্ষ্মীচাপ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর শহরে নিজ বাড়ি ফিরছিলেন নুর। তাঁর গাড়িবহরটি জেলার রামগঞ্জ হাট এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হামলাকারী বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে সদর উপজেলার টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী (৫৫), আওয়ামী লীগের কর্মী লেবু মিয়া (৪০), যুবলীগের কর্মী ফরহাদ হোসেন (২৫), ছাত্রলীগের কর্মী মুরাদ হোসেন (২০) নিহত হন। এ ছাড়া নিহত হন জামায়াতের কর্মী আবু বক্কর সিদ্দিক (৪২)।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় দুটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। অন্য মামলাটি করেন নিহত খোরশেদ আলম চৌধুরীর চাচাতো ভাই রাশেদ চৌধুরী। দুই মামলা একত্র করে তদন্ত শুরু করে পুলিশ। এ মামলায় বিভিন্ন সময় পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ইউনিয়ন পর্যায়ের ৬০ নেতা-কর্মী গ্রেপ্তার হন। এ ছাড়া মামলার প্রধান আসামি লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীসহ (৩৫) তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের তুলে নিয়ে যাওয়ার পর লাশ পাওয়া যায় বলে অভিযোগ পরিবারগুলোর।
আদালতে অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান।