জামায়াতের নতুন আমিরের বিষয়ে অনুসন্ধান শুরু
জামায়াতে ইসলামের নতুন আমির মকবুল আহমাদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মো. আবদুল হান্নান খান।
গতকাল বৃহস্পতিবার আবদুল হান্নান খান প্রথম আলোকে এ তথ্য জানান।
তিন দিন আগে ১৭ অক্টোবর জামায়াতের আমির হিসেবে মকবুল আহমাদ শপথ নেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মকবুল আহমাদের বিরুদ্ধে তদন্ত চলছে কি না, ওই দিনই আবদুল হান্নান খানের কাছে জানতে চাওয়া হয়েছিল। সেদিন তিনি প্রথম আলোকে বলেছিলেন, মকবুল আহমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তদন্ত এখনো হয়নি।
ওই বক্তব্যের বিষয়ে গতকাল আবদুল হান্নান খান বলেন, ‘তখনো আমাদের কাছে কোনো তথ্য ছিল না। তবে শপথের পর দু-একটি অনলাইন সংবাদমাধ্যম তাদের খবরে তাঁর (মকবুল) বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে। এর সত্যতা অনুসন্ধান শুরু হয়েছে।’ হান্নান খান বলেন, মকবুল আহমাদ যে রাজাকার ছিলেন এটা ঠিক।