জামায়াতের নিবন্ধন নিয়ে আদালতের রায় মানতে হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ বলা হয়েছে। এই রায় যতক্ষণ বহাল আছে, ততক্ষণ তা সবাইকে মানতে হবে।
আজ রোববার জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন। তবে জামায়াত দাবি করেছে, জামায়াতের নিবন্ধনের বিষয়টি বিচারাধীন। তাই দলটির নিবন্ধনকে অবৈধ বলার সুযোগ নেই।
জামায়াতের কর্মপরিষদের সদস্য আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল আজ সিইসির সঙ্গে বৈঠক করে। তাঁরা জামায়াতের নিবন্ধন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা পাওয়াদের ভোটাধিকার বাতিল করার বিষয়ে লিখিত অভিযোগ দেন।
প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে আবদুল্লাহ তাহের সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ রায় না আসা পর্যন্ত জামায়াতের নিবন্ধন অবৈধ বলার কোনো সুযোগ নেই। জামায়াতের নিবন্ধনের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত দেওয়ার আইনগত কোনো ভিত্তি নেই। দলটির নিবন্ধন বাতিলের আইনি কোনো সুযোগ নেই।
তাহের আরও বলেন, জামায়াত এখনো নিবন্ধিত রাজনৈতিক দল। আগামী নির্বাচনে জামায়াত দাঁড়িপাল্লা প্রতীকে অংশ নেবে। সিইসি এ বিষয়ে একমত হয়েছেন বলে আবদুল্লাহ তাহের দাবি করেন। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দায়িত্বশীল ভূমিকা আশা করি।’
তবে বিকেলে সিইসি বলেন, ‘আমরা জামায়াতের বক্তব্য শুনেছি। হাইকোর্টের রায় যতক্ষণ বহাল থাকছে, ততক্ষণ আদালতের আদেশ সবাইকে মানতে হবে। এ বিষয়ে তাদের সঙ্গে একমত হওয়ার কিছুই নেই।’ তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও দালালদের বিষয়ে আইন প্রণীত হওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কাজী রকিব উদ্দীন বলেন, ‘রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা এখনো পাইনি। শিগগির তা পাব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা। জামায়াতের নিবন্ধন বিষয়ে উচ্চ আদালতের রিভার্স রায় না হওয়া পর্যন্ত সে মোতাবেক ব্যবস্থা হবে।’
নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় আগামী ৩ অক্টোবর অনুষ্ঠেয় বরগুনা উপনির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে না বলে সিইসি ইতিমধ্যে জানিয়েছেন।
ইসির ওয়েবসাইটে জামায়াত অবৈধ
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে যেসব হালনাগাদ তথ্য দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক পিটিশন নং ৬৩০/২০০৯ এর ওপর ১ আগস্ট ২০১৩ তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে।