আদালতের রায় ঘোষণার পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ। ফলে আপাতত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন তিনি।
জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২ নভেম্বর হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় কমিশনে পৌঁছার এক দিন পর গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ রায়ের কপি পাওয়ার পর পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন।
নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, আদালত বলেছেন, কমিশন যে প্রক্রিয়ায় জামায়াতকে নিবন্ধন দিয়েছে, তা বৈধ ছিল না। অতএব, রায় যেদিন ঘোষিত হয়েছে, সেদিনই জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। আদালত ভিন্ন কোনো নির্দেশনা না দিলে দলটি আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু আদালত এ বিষয়ে কমিশনকে কোনো নির্দেশনা দেননি। যে কারণে কমিশন আপাতত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না।
জামায়াতের আইনজীবীদের একটি সূত্র জানায়, এ মাসের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে।
জানতে চাইলে জামায়াতের আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের যে বেঞ্চ জামায়াতের নিবন্ধন অবৈধ বলেছেন, ওই বেঞ্চই আপিল সার্টিফিকেট দিয়েছেন। এর অর্থ, বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন। এ অবস্থায় নির্বাচন কমিশন এভাবে নিবন্ধন বাতিল করতে পারে না।’
নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, আনুষ্ঠানিকভাবে জামায়াতকে নিবন্ধন বাতিলের বিষয়ে কোনো কিছু জানাতে হবে না। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণার বিষয়টি কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। এটাই আনুষ্ঠানিকতা, এটাই নোটিশ। আদালতের শুনানিতে এবং রায় ঘোষণার দিন জামায়াতও উপস্থিত ছিল। সুতরাং তারাও জানে, তাদের নিবন্ধন অবৈধ। তবে রায় পর্যবেক্ষণের পর এ বিষয়ে কমিশনের কিছু করণীয় থাকলে সেটা পরে জানানো হবে।
জানতে চাইলে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক প্রথম আলোকে বলেন, সংবিধানের ১১১ অনুচ্ছেদের চেতনা অনুযায়ী আদালতের রায় আইনে পরিণত হয়। সে ক্ষেত্রে যেদিন রায় ঘোষিত হয়েছে, সেদিনই জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। রায়ে নির্বাচন কমিশনের প্রতি কোনো নির্দেশনা না থাকলে এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারির প্রয়োজন নেই। আপিল বিভাগ ভিন্ন রায় দেওয়ার আগে হাইকোর্টের রায় বহাল থাকবে।
নির্বাচন কমিশন ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে অস্থায়ী নিবন্ধন দেয়। কথা ছিল নির্বাচনের পর দলীয় কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করে তা কমিশনে জমা দেবে। জামায়াত গঠনতন্ত্র জমা দিলেও তাতে সংবিধানের পরিপন্থী কিছু ধারা বহাল ছিল।
জামায়াতের প্রতিক্রিয়া: জামায়াতে ইসলামী দাবি করেছে, এই মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়ার আগে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার কোনো সুযোগ নেই। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেন। ‘আদালতের রায় ঘোষণার পরই জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে’ বলে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে। তাতে বলা হয়, নির্বাচন কমিশনারের এ বক্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তা জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার ‘ষড়যন্ত্র’।