গণজাগরণ মঞ্চের বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা
জামায়াতের বিচার নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে: ইমরান
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, কামারুজ্জামানের রায় ও জামায়াতে ইসলামীর বিচার নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিজয় দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জামায়াতের নেতা কামারুজ্জামানের রায় কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে উল্লেখ করে মঞ্চের মুখপাত্র বলেন, চূড়ান্ত রায়ে তাঁর সর্বোচ্চ শাস্তি বহাল থাকায় পুরো জাতি যেভাবে আশান্বিত হয়েছিল, নতুন সংকট তৈরি হওয়ায় সেভাবেই আশাহত হয়েছে। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা নিয়েও সরকার ধূম্রজাল সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতের বিচারে আইন সংশোধনের বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপনের তারিখ পাঁচবার পিছিয়েছে, যা শুধু লজ্জাজনকই নয়, হতাশাজনকও বটে।’
লিখিত বক্তব্যে ইমরান এইচ সরকার বলেন, ‘গণজাগরণ মঞ্চ তার আন্দোলনের দীর্ঘ পথচলায় সম্ভবত এখনই সবচেয়ে সংকটকাল অতিক্রম করছে।’
বিজয় দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কাল রোববার সকাল সাতটায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বেলা তিনটায় শাহবাগে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণামূলক অনুষ্ঠান ‘রক্ত আলেখ্য’, সন্ধ্যায় শহীদ মিনারের উদ্দেশে ‘আলোর মিছিল’ ও রাত ১০টা পর্যন্ত শাহবাগে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী।
পরদিন বেলা তিনটায় ‘যুদ্ধাপরাধের বিচার, সাম্প্রদায়িক রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা ও সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী।
১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটির’ সব কর্মসূচি সফল করতে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা কাজ করবেন। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় বিকেল চারটা ৩১ মিনিটে বিশ্বব্যাপী জাতীয় সংগীত সফল করতে গণজাগরণ মঞ্চও উদ্যোগ নিয়েছে।