জামায়াতের মিছিলে হামলার নিন্দা ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করেছে। তিনি সরকারের এই আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এই নিন্দা জানান। জামায়াতে ইসলামী বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের অন্যতম শরিক। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে। এই গুলিবর্ষণ তারই বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় দলটির ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
ফখরুল অভিযোগ করেন, দেশকে বিরোধী দলশূন্য করতে পুলিশ ও দলীয় ক্যাডার বাহিনী দিয়ে দেশব্যাপী সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে সরকার। মানুষের এখন আর মৌলিক অধিকার বলে কিছু নেই। কর্মসূচিতে বাধা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো অবৈধ সরকারের ক্ষমতা যেন হাতছাড়া হয়ে না যায়।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশের বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রাম কখনোই বন্ধ করা যাবে না। বিরোধী দল দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী ক্যাডারদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা না হলে সরকারকে চরম মূল্য দিতে হবে।