জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গতকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থান মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল ছিল। নানা শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে অংশ নিয়েছে, জানিয়েছে প্রতিবাদ।ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নোয়াখালীর আপামর জনতা। জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি উচ্চারিত হয়েছে দেশের নানা প্রান্তে। মৌলভীবাজারের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। প্রত্যেকের হাতে ছিল মশাল। যেন হাতে হাতে জ্বলছিল ক্ষোভের আগুন।একই দাবিতে পথে নেমেছেন বরগুনার মানুষও। তাঁরা গণসংগীত, রাস্তায় আলপনা আঁকা ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। সাতক্ষীরা নিউমার্কেট এলাকায় শহীদ আলাউদ্দিন চত্বরে আবৃত্তি ও গণসংগীতের পাশাপাশি সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত পঞ্চগড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘প্রজন্ম ৭১’ নামে একটি সংগঠন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘গণমঞ্চে’ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে বারবার উচ্চারিত হতে থাকে ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’ এমন স্লোগান। কাদের মোল্লার ফাঁসির দাবিতে কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গতকাল নগরের কান্দিরপাড়ে গণস্বাক্ষর নেন। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গণস্বাক্ষর নেওয়া হয়। ওই সময়ে শিক্ষার্থীরা প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন।মৌলভীবাজারে ‘যুদ্ধাপরাধীবিরোধী উন্মুক্ত মঞ্চ’ থেকে প্রতিবাদী ও জাগরণের গান পরিবেশন করা হয়েছে। রাজশাহীতে কবিতায় ও গানে গানে ফাঁসির দাবি জানানো হয় যুদ্ধাপরাধীদের। নগরের আলুপট্টির মোড়ে শুরু হয় সমাবেশ। দুপুরে শুরু হয় গণসংগীত। বগুড়ায় ‘কাদের মোল্লার ফাঁসির মঞ্চ’তে সর্বস্তরের জনতা প্রতিবাদে ফেটে পড়ে। তারা স্লোগান দেয়, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ত্রিশ লাখ শহীদের এ দেশে কাদের মোল্লার ঠাঁই নাই’। কাদের মোল্লার ফাঁসি না হওয়া পর্যন্ত জনতা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না বলে ওই মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়।বরিশালে নির্মাণ করা হয়েছে একাত্তরের মঞ্চ। গতকাল সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় চতুর্থ দিনের কর্মসূচি। এর সঙ্গে চলতে থাকে গণসংগীত, আবৃত্তি ও বক্তৃতা। নগরের অশ্বিনীকুমার হল চত্বরে নির্মিত একাত্তরের মঞ্চে দলমত-নির্বিশেষে মানুষ এসে একাত্মতা প্রকাশ করে। এ সময় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে অবস্থান নেন মুক্তিযোদ্ধাসহ নতুন প্রজন্মের মানুষ।সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীসহ তরুণদের অবস্থান মহাসমাবেশে রূপ নেয়। নগরের কেন্দ্রস্থলে চার রাস্তার মিলনস্থল চৌহাট্টা পয়েন্টকে ‘শহীদ মুনীর-তপন-জুয়েল চত্বর’ ঘোষণার মধ্য দিয়ে গতকাল মহাসমাবেশ শেষ হয়। ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটে জামায়াত-শিবিরের হাতে নিহত হন তিন ছাত্র মুনির, তপন ও জুয়েল। জামায়াত-শিবিরের হাতে প্রকাশ্যে ছাত্র হত্যার এ ঘটনাটির আজ পর্যন্ত বিচার হয়নি। চুয়াডাঙ্গায় গতকাল সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। দুপুরে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিকেল চারটায় স্থানীয় শহীদ হাসান চত্বরে সাধারণ জনতা অবস্থান ধর্মঘটে অংশ নেয়। এ সময় উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। নানা স্লোগানের প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তরুণেরা জড়ো হন ভোলা সদর রোডে। এ ছাড়া সেখানে যোগ দেন সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোপালগঞ্জের শাহবাগ স্কয়ার-বঙ্গবন্ধু সড়কদ্বীপ। তরুণদের এ স্লোগান মাইকে মাইকে ছড়িয়ে পড়ে গোটা শহরে।