জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার সময় এসেছে: তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত একটি সশস্ত্র জঙ্গিবাদী দল। নিবন্ধন অবৈধ ঘোষণা করলেই হবে না, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার সময় এসেছে। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরে জেলা জাসদের ইফতার অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ইসলামের বিপদ হচ্ছে জামায়াতে ইসলামী, জঙ্গিবাদী, সন্ত্রাসী গোষ্ঠী ও ‘তেঁতুল হুজুর’ আহমদ শফী। এদের যদি আটকানো যায়, তবেই ইসলাম নিরাপদ হবে। তিনি বলেন, আহমেদ শফী তেঁতুল তত্ত্ব দিয়ে নারীদের অপমান করেছেন, পুরুষদের লম্পট বলেছেন। এ জন্য তাঁর কারাগারে থাকা উচিত।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আবদুর রফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেল, জাসদের কেন্দ্রীয় নেতা শিরিন আখতার প্রমুখ।