জামায়াতের রোববারের হরতাল সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘জামায়াতের আগামী রোববারের হরতাল সফল হবে না। জামায়াতের সব দুষ্কৃতকারীকে সাবধান করে দিয়ে বলতে চাই, বাংলাদেশের জনগণ বেআইনি ও অন্যায্য হরতাল সহ্য করবে না। তারা (জামায়াত) হরতাল সফল করতে পারবে না। হরতালের নামে যদি কোনো ধ্বংসাত্মক কাজে তাদের কর্মীরা প্রলুব্ধ হয়, তাহলে সরকারের পক্ষ থেকে তাদের দমন করা হবে।’আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামে একটি সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ ছাড়া তিনি নাওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও যুবলীগের বর্ধিত সভায় অংশ নেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলাম রোববারের হরতাল প্রত্যাহার করেছে, প্রলম্বিত করেনি। এই হরতাল প্রত্যাহারের পরপরই জামায়াতে ইসলামের পক্ষ থেকে রোববার হরতাল ডাকা হয়েছে।মন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ প্রমুখ।