
এ দেশের রাজনৈতিক শক্তি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই একাত্তরের পরাজিত শক্তি আজ যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দেওয়ার সাহস পাচ্ছে। ভবিষ্যতে ক্ষমতায় যারাই যাক না কেন, তারা যদি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যায়, তাহলে এ দেশে তাদের জায়গা থাকবে না। যারা ধর্মীয় মৌলবাদী শক্তির সঙ্গে আপস করবে, জনগণ তাদের রুখে দেবে।
গতকাল শনিবার সাম্প্রদায়িক হামলা, মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী আন্দোলন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর জাতীয় কনভেনশন থেকে এই আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। জামায়াত-শিবির নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে সারা দেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কনভেনশনে সারা দেশ থেকে এই আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দেন। পাঁচ দফার অন্য দাবিগুলো হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। সাম্প্রদায়িক সহিংসতা প্রতিহত ও আক্রান্তদের পাশে দাঁড়ানো। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া এবং মুক্তচিন্তার পথ খোলা রাখা। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত করা এবং নারীর অধিকার সমুন্নত রাখা। এই পাঁচ দফা দাবি ও ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ ঘোষণা পাঠ করেন সাংবাদিক আবেদ খান।
কনভেনশনে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেন, ‘ধর্ম কখনো শোষণের হাতিয়ার হতে পারে না। কিন্তু এখনো ধর্ম শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে। সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরও সংগঠিত হতে হবে।
কনভেনশনে সাবেক বিচারপতি গোলাম রব্বানী বলেন, যারা এই রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছে, এখনো যারা রাষ্ট্রের মূল চেতনার বিরুদ্ধে অবস্থান বজায় রেখেছে তারা দেশের জনগণ কি না, তা সবাইকে ভাবতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ও সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘আজকে আমরা কিছু মানুষ সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন করছি। কিন্তু এই আন্দোলনকে সফল করতে হলে দেশের বেশির ভাগ মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।’
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, যারা ধর্মীয় মৌলবাদী শক্তির সঙ্গে আপস করবে, জনগণ তাদের রুখে দেবে।
লেখক সৈয়দ শামসুল হক বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে সব নষ্টের শিকড়। এদের নির্মূল করতে হলে বাইরে থেকে কোনো সমর্থন আসবে না। আমাদেরই করতে হবে।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সরোয়ার আলী বলেন, ১৯৪৮ সালে এ দেশের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ ছিল হিন্দু-বৌদ্ধসহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়। ১৯৭২ সালে তা কমে ২৩ ও ২০১১ সালে তা আরও কমে ৮.৫ শতাংশে নেমে এসেছে। তার মানে এই দেশের সংখ্যালঘুরা এখানে আর নিরাপদ বোধ করছে না। সাম্প্রদায়িকতার ব্যাপারে কোনো নিরপেক্ষতার মুখোশ না পরে এর বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
নারীনেত্রী আয়েশা খানম বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর উচিত জামায়াতের সঙ্গে আঁতাত না করে নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রাখা।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত বলেন, সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে দোদুল্যমানতা দূর করে শক্ত অবস্থান নিতে হবে।
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায় বলেন, সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে জয়ী করতে হবে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদির নয় সন্তানের কেউই জামায়াতের রাজনীতিতে যোগ দেননি। তাঁরা ওই রাজনীতির বিরোধিতা করছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সঞ্চালনায় কনভেনশনের শেষ পর্বে ‘বাংলাদেশ রুখে দাড়াও’-এর জাতীয় পরিষদের সভাপতি হিসেবে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও আহ্বায়ক সুলতানা কামালের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া নির্বাহী পরিষদের সদস্য ডা. সারোয়ার আলী, ড. আকবর আলি খান, আবেদ খান, রানা দাসগুপ্ত, রামেন্দু মজুমদার, তারিক আলী ও সৈয়দ শামসুল হকের নাম ঘোষণা করা হয়।
কমিটি আগামীতে দেশের প্রতিটি জেলায় সন্মেলনের আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে।