জামায়াতের সাংসদের বক্তব্যে সংসদে উত্তেজনা, হইচই
জাতীয় সংসদে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে জামায়াতে ইসলামীর সাংসদের দেওয়া বক্তব্যে উত্তেজনা ও হইচই
করেছেন সরকার ও বিরোধীদলীয় সাংসদেরা। পরস্পরকে অভিযুক্ত করা হয়েছে পবিত্র কোরআন পোড়ানোর জন্য।
আওয়ামী লীগের একাধিক সাংসদ জামায়াত-শিবিরকে পবিত্র কোরআন পোড়ানো, পুলিশ হত্যা, গাড়ি পোড়ানো, ব্যাংকে
আগুন, গাছ কাটা, সড়ক বিভাজক ভেঙে ফেলার জন্য অভিযুক্ত করেন। অন্যদিকে বিএনপির মাহবুব উদ্দিন বলেন,
যুবলীগের নেতারা আওয়ামী লীগের অফিসের কাছে পবিত্র কোরআনে আগুন দিয়েছেন পরিকল্পিতভাবে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অধিবেশনে গতকাল রোববার এসব
কথা বলা হয়।
মাগরিবের নামাজের পর বাজেট আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর সাংসদ আ ন ম শামসুল ইসলাম। তিনি
দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুল কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীসহ জামায়াতের নেতাদের তাঁর ভাষায়
বিচারিক হত্যাকাণ্ড (জুডিশিয়াল কিলিং) বন্ধ করতে আহ্বান জানান। তাঁর দাবি, পিরোজপুরের রাজাকার দেলোয়ার
শিকদারকে সাঈদী বানিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আর মিরপুরের বিহারি কসাই কাদেরকে কাদের মোল্লা বানানো
হয়েছে। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করেন। এ পর্যায়ে স্পিকার দুবার সাংসদকে
আদালতে বিচারাধীন বিষয়ে বক্তব্য না দিতে অনুরোধ করেন। কিন্তু তিনি তা শোনেননি।
শামসুল ইসলাম আরও বলেন, রাতের অন্ধকারে হামলা করে হেফাজতে ইসলামের বিপুলসংখ্যক কর্মীকে হত্যা করা
হয়েছে। দেশি-বিদেশি গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। দুটি জনপ্রিয় টেলিভিশন ও আমার দেশ পত্রিকা বন্ধ
করা হয়েছে। সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মীয় নেতাদের হেয়
করতে চায়। তারা ইসলামবিরোধী কাজ করেছে। তিনি বলেন, পাইকারি হারে সংবাদপত্রকে শায়েস্তা করতে প্রস্তাবিত
বাজেটে নিউজপ্রিন্ট আমদানিতে অতিরিক্ত শুল্ক বসানোর প্রস্তাব করা হয়েছে। তিনি এই প্রস্তাব প্রত্যাহারের দাবি তোলেন।
এরপর সংসদে কার্যপ্রণালির ৩০১ বিধি অনুসারে সরকারদলীয় জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বক্তব্য দেন।
তিনি পয়েন্ট অব অর্ডারে ২৭০ বিধি উল্লেখ করে বলেন, এতে বলা আছে আদালতে বিচারাধীন বিষয়ে সংসদে কিছু বলা
যাবে না। যে বক্তব্য দেওয়া হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি শামসুল ইসলামের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।
বিএনপির মাহবুব উদ্দিন বলেন, বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলা হয়নি। বলা হয়েছে বিচারের স্বচ্ছতা নিয়ে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ’৫৪-এর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিলে বউ তালাক হয়ে যাবে বলা
হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। কারও বউ তালাক হয়নি।
এর আগে বিএনপির গোলাম মোস্তফা সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর
রহমানের নাম উল্লেখ করে বলেন, ‘অনেক চোর দেখেছি, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের মতো এমন চোর দেখি
নাই। গোটা পদ্মা সেতু এরা গিলে খেয়ে ফেলেছে।’ তিনি বলেন, সরকারদলীয় নেতা সুভাষ সিংহ রায়, সাইমুম সরোয়ার ও
জান্নাত আরা হেনরিদের বিচার না করে তানভীরের বিচার করলে হবে না।