জামায়াতের হরতালের প্রতিবাদে কাল শাহবাগে মঞ্চের অবস্থান
জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় আজ রোববার বিকেলে বিজয় শোভাযাত্রার আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কথা বলেন। এ সময় ইমরান এইচ সরকার বলেন, এই দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এই রায় কার্যকর প্রতিশোধ থেকে নয় বরং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই।
এর পরে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় বিজয় শোভাযাত্রা বের করে গণজাগরণ মঞ্চ। আজ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।
ইমরান এইচ সরকার বলেন, এখন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারব যে, জাতির বীর সন্তানদের হত্যা করে বা কোনো ধরনের অন্যায় করে পার পাওয়া যায় না। আর এই দুই যুদ্ধাপরাধীর ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে, তাঁরা এত দিন যে আদর্শের কথা বলতো, তা কোনো আদর্শ ছিল না, বরং তা ছিল জাতির সঙ্গে একটি প্রতারণা। এখন তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাওয়ার পর তারা এই ক্ষমা প্রার্থনার বিষয়টিকে মিথ্যা বলার চেষ্টা করছে।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।