জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালে কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের টহল। ছবি: মনিরুল আলম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের টহল। ছবি: মনিরুল আলম

জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল কর্মসূচি শুরু হয়েছে। এ জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।রাজধানীর কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরিত হয়েছে।
আজ মঙ্গলবার ও কাল বুধবার সারা দেশে ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল কর্মসূচির কারণে কর্মস্থলে ফিরতে দুর্ভোগে পড়েছেন ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া মানুষ ।
প্রথমে ১২ ও ১৩ আগস্ট হরতাল ডাকার পর ব্যাপক সমালোচনার মুখে তা এক দিন (সোমবার) পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট করে জামায়াত।
১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের দেওয়া জামায়াতের নিবন্ধন হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই দিনই ‘জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র, দলের নেতাদের হত্যার চক্রান্ত ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সরকার পরিকল্পনা করছে’—এমন দাবি করে এর প্রতিবাদে হরতালের ডাক দেয় জামায়াত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হরতালের সমর্থনে আজ মঙ্গলবার সকালে রাজধানীর কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন জামায়াত-শিবিবের নেতা-কর্মীরা।

রাজধানীর কল্যাণপুরে সকাল পৌনে সাতটার দিকে ১০-১৫ জন শিবির-সমর্থক একটি ঝটিকা মিছিল বের করে। তারা পাঁচটির মতো ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে তিনটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

এ ছাড়া গুলশানের শাহজাদপুরে ঝটিকা মিছিল ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

হরতালে রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ।

রাজপথে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, বাস, কিছুসংখ্যক প্রাইভেট কার চলতে দেখা গেছে। ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও ট্রেন চলছে।