জামায়াতের 'শান্তিপূর্ণ বিক্ষোভ' মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মে মঙ্গলবার সারা দেশে ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান আজ শুক্রবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে ‘খুন, গুম, অপহরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সড়ক ও নৌ দুর্ঘটনা প্রতিরোধে সরকারের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে’ এ কর্মসূচি দেওয়া হয় বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে জামায়াতের সব মহানগর, জেলা ও উপজেলা সংগঠনে প্রতি আহ্বান জানানো হয়।

নিজামীর মুক্তি দাবি
পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ উন্নত চিকিত্সার জন্য দলের কারাবন্দী আমির মতিউর রহমান নিজামীর মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, মতিউর রহমান নিজামী অসুস্থ হয়ে পড়ায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ আজ তাঁকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। তিনি ডায়াবেটিস, হূদরোগ, মেরুদণ্ড ও পিঠের ব্যথা এবং চোখের সমস্যায় ভুগছেন। দেশে বা দেশের বাইরে উন্নত চিকিত্সার জন্য তাঁকে মুক্তি দেওয়া প্রয়োজন।