জামায়াতে ইসলামীর তিন নেতা, দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা এবং একজন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরু হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার শুনানি শেষে এ দিন ধার্য করেন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল।
যে পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান এবং ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে হরতাল ডাকায় ও রায় নিয়ে বিরূপ মন্তব্য করায় জামায়াত-শিবিরের পাঁচ নেতা ও তাজুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। গত ১২ জানুয়ারি এই ছয়জনের বিরুদ্ধে দুই সপ্তাহের রুল জারি করেন ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে তাঁরা লিখিত ব্যাখ্যা দিলে গতকাল এর ওপর শুনানি হয়। তাজুল ইসলাম অবশ্য তাঁর বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
গত ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেন। এই রায়ের প্রতিবাদে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। সেই সঙ্গে জামায়াত-শিবিরের শীর্ষস্থানীয় নেতারা রায়ের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া জানান। ৩১ ডিসেম্বর জামায়াতের মুখপত্র সংগ্রাম পত্রিকায় এসব প্রতিক্রিয়া ছাপা হয়। এ ছাড়া আইনজীবী তাজুল ইসলাম রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ যেসব সাক্ষ্যপ্রমাণ দিয়েছে, সেটা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়ে ফেলা হলেই সুবিচার হতো। এসব প্রতিক্রিয়া ও বক্তব্য উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।