জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫
রাজধানীর দৈনিক বাংলার মোড়ে গতকাল বুধবার বিকেলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে আবদুল কুদ্দুস (৩০) নামের এক পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর পায়ে পুলিশের ছোড়া ছররা গুলি লাগে৷ পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দৈনিক বাংলার মোড় থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া পথচারী আবদুল কুদ্দুস জানান, তিনি দৈনিক বাংলার মোড়ে ফুটপাতে ফল বিক্রি করেন। সংঘর্ষের সময় পুলিশের ছররা গুলিতে তাঁর মতো আরও চারজন আহত হন।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফ উজ জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছুড়তে বাধ্য হয়েছে। জামায়াত-শিবিরের হামলায় পুলিশের এক সদস্য আহত হন৷