জামারায় পাথর মেরে পশু কোরবানির প্রস্তুতি নেন হাজিরা
আরাফাতের ময়দানে অবস্থানের পর পবিত্র হজের অংশ হিসেবে জামারায় (শয়তানকে পাথর মারার স্থান) পাথর মেরে হাজিদের পশু কোরবানির প্রস্তুতি নিতে হয়। অধিকাংশ হাজি নিজে বা বিশ্বস্ত লোক দিয়ে মুস্তাহালাকায় (পশুর হাট ও জবাই করার স্থান) গিয়ে কোরবানি দেন। হাজিদের একাংশ ইসলামি উন্নয়ন ব্যাংকে (আইডিবি) ৪৬০ রিয়াল জমা দিয়ে তাদের মাধ্যমে কোরবানি দেন। এতে সময় বাঁচে, নিরাপদও। হজের অন্যান্য কাজ সহজে করা যায়।
বাংলাদেশের হাজিদের একটি অংশ প্রবাসীদের (বিশেষ করে নিজ জেলার) পেলে তাঁদের মাধ্যমে কোরবানি দেন। এই প্রবাসীরা মূলত হজ উপলক্ষে পশু ব্যবসার সঙ্গে যুক্ত হন। কোরবানির পশুর মধ্যে ছাগল, দুম্বা উল্লেখযোগ্য। অনেক হাজি যেসব এজেন্সির তত্ত্বাবধানে যান, তাদের মাধ্যমেও কোরবানি দেন। এ ক্ষেত্রে এজেন্সিগুলো তাদের ভাড়া করা বাড়িতে থাকা হাজিদের বিভিন্ন বেলার খাবারের সময় এ মাংস পরিবেশন করতে পারে। অবশ্য প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে যেসব হাজি কোরবানি দেন, তাঁদের কেউ কেউ, বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা কখনো কখনো প্রতারণার শিকার হন বলে অভিযোগ আছে।
আইডিবির তত্ত্বাবধানে সবচেয়ে বেশি কোরবানি হয় মক্কায়। প্রতিবছর বাংলাদেশেও হিমায়িত এ মাংস যায় ‘দুম্বার মাংস’ নামে।
আলরাজি ব্যাংক, পোস্ট অফিস বা মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নবিবর পাশে ছোট ছোট টংঘরে আইডিবির বুথ রয়েছে, যেখানে অর্থ জমা দিলে তারা কোরবানির ব্যবস্থা নেয়। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গতবার হজের সময় আইডিবির মাধ্যমে ১০ লাখ হাজি পশু কোরবানি দিয়েছেন। প্রতিষ্ঠানটির এ পরিমাণ পশুর মাংস রাখার হিমাগার আছে। হজের পর ২৩টি মুসলিম দেশে এসব মাংস বিতরণের জন্য পাঠানো হয়েছিল।
মক্কায় পশু ব্যবসার সঙ্গে জড়িত প্রবাসী কয়েকজন বাংলাদেশি বলেন, কিছুসংখ্যক প্রবাসী নিজ জেলার বয়স্ক হাজিদের খুঁজে বের করে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং কম খরচে (৩০০ বা ৩৫০ রিয়াল) কোরবানি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সহজ-সরল বয়স্ক বাংলাদেশি ওই হাজিরা তাঁদের বিশ্বাস করে অর্থ দেন। এসব ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে।