জামাল উদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপির নেতা জামাল উদ্দিন চৌধুরী অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামি সুলতান ড্রাইভারকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার রাতে কক্সবাজার শহরের লাইট হাউসপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, সুলতান ছদ্মবেশে নয় বছর ধরে পলাতক ছিলেন। গতকাল রাতে আটক করার পর তিনি নিজেকে ভিন্ন নামে পরিচয় দেন। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তাঁকে কক্সবাজার থেকে রাতেই চট্টগ্রাম আনা হয়। এখন নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আজ বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে।
২০০৩ সালের ১৩ জুলাই নগরের চকবাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদগাঁওয়ে বাসার ফেরার পথে অপহূত হন জামাল উদ্দিন। অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণের দুই পর ২০০৫ সালের ২৪ আগস্ট ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উচ্চ আদালতের নির্দেশে জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার মামলাটির কার্যক্রম স্থগিত আছে।