প্রফেসর জামাল নজরুল ইসলাম ছিলেন সবার কাছের মানুষ। তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত। সবার সঙ্গে মিশতেন। সবাইকে আপন করে নিতে পারতেন সহজে। তাঁর মধ্যে কোনো জটিলতা ছিল না।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রফেসর জামাল নজরুল ইসলাম নাগরিক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। এর আয়োজন করে প্রফেসর জামাল নজরুল ইসলাম নাগরিক স্মরণসভা পরিষদ, চট্টগ্রাম। স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বক্তব্য দেন শহীদজায়া মুশতারী শফী, স্মরণসভা পরিষদের কো-চেয়ারম্যান ও প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীলুফার মতিন, হাসানুজ্জামান চৌধুরী, শিল্পপতি সালাহউদ্দিন কাশেম খান, জামাল নজরুলের স্ত্রী সুরাইয়া ইসলাম, মেয়ে সাদাফ সাজ সিদ্দিকী প্রমুখ। অধ্যাপক নীলুফার মতিন বলেন, জামাল নজরুল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলেন। তাঁর মাধ্যমে এ দেশে অনেক আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব আসেন। মুশতারী শফী বলেন, কিছু কিছু মানুষ এই পৃথিবীতে আসেন এবং চিরজীবী হয়ে থাকেন, তিনি সে দলেরই লোক। জামাল নজরুলের বড় মেয়ে সাদাফ সাজ সিদ্দিকী বলেন, ‘আমার বাবা দুর্নীতি, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, নারীর প্রতি সহিংসতাবিরোধী ছিলেন।’ জামাল নজরুল ইসলামের স্ত্রী সুরাইয়া ইসলাম বলেন, ‘গত নভেম্বরে আমরা ৫২তম বিবাহবার্ষিকী পালন করেছি অত্যন্ত সাদাসিধাভাবে। কারণ, তিনি ছিলেন খুবই সাদাসিধা প্রকৃতির। সত্য, সততা, সরলতা—এ তিনটি আদর্শ ছিল তাঁর। তিনি কখনো কারও মধ্যে খুঁত দেখতেন না। সবাই ছিল তাঁর কাছের মানুষ।’ স্মরণসভা পরিষদের কো-চেয়ারম্যান আবুল মোমেন বলেন, ‘আমরা ক্রমেই উপলব্ধি করেছি জামাল নজরুল চট্টগ্রামের সমাজজীবনের একজন ব্যক্তি হয়ে উঠছিলেন। তিনি ছিলেন ডক্টর অব সায়েন্স। কিন্তু সে কথা কাউকে কখনো জানাননি। তাঁর যোগ্যতাকে কারও কাছে সেভাবে তুলে ধরেননি। বরং তাঁকেই অন্যরা ব্যবহার করেছে। জামাল নজরুলের জীবন থেকে শেখার আছে অনেক কিছু।’ সভাপতির বক্তব্যে অনুপম সেন বলেন, তাঁর অভাবে পুরো চট্টগ্রামে শিক্ষা, শিল্প-সংস্কৃতি ও ললিতকালায় একটি শূন্যতার সৃষ্টি হলো। তাঁর মতো মহান সরল মানুষ সত্যিই দুর্লভ। এর আগে পরিষদের পক্ষ থেকে জামাল নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর শোক সংগীত পরিবেশন করেন মালবিকা দাশ। শোক প্রস্তাব পাঠ করেন রাশেদ হাসান। জীবনী পড়েন কামরুল হাসান। বিদেশি বিজ্ঞানীদের পাঠানো শোকবার্তা পড়েন উদয়শংকর দাশ ও সৃষ্টি বড়ুয়া।