জামাল শেখের সাজা খাটেন নাসির
ধর্ষণ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত জামাল শেখ নামের এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ।
পুলিশের ভাষ্য, জামাল শেখ সাজাপ্রাপ্ত হলেও তাঁর হয়ে তিন বছর ধরে সাজা খাটছেন নাসির উদ্দিন খোকন নামের আরেক ব্যক্তি।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে রাজধানীর ১৪৯ পূর্ব নাখালপাড়া থেকে জামাল শেখকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, তিন বছর আগে মুন্সিগঞ্জে ধর্ষণ মামলার আসামি জামাল শেখকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন নারী ও শিশু আদালত। কিন্তু জামাল শেখ তাঁর হয়ে সাজা খাটতে নাসির উদ্দিনকে ভাড়া করেন। কাগজে-কলমে জামাল শেখ সাজা খাটলেও তাঁর হয়ে তিন বছর ধরে সাজা খাটছেন নাসির।
পুলিশের ভাষ্য, পাঁচ বছর সাজা খাটার বিনিময়ে নাসির উদ্দিনের সঙ্গে পাঁচ লাখ টাকা চুক্তি হয়েছিল জামাল শেখের। ৫৫ বছর বয়সী জামাল শেখ গুলিস্তানে জুতার ব্যবসা করেন।