চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী ও বিএনপির নেতা জামালউদ্দিন চৌধুরী অপহরণ মামলার আসামি সুলতান ড্রাই-ভারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে কক্সবাজার শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আবুল কাশেম ওরফে কাশেম চেয়ারম্যানের নির্দেশেই জামালউদ্দিনকে অপহরণের পর হত্যা করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার জানান, সুলতান ড্রাইভার নিজেকে নুরুল ইসলাম পরিচয় দিয়ে কক্সবাজার শহরে আত্মগোপন করে ছিলেন। তাঁকে আটকের পর পুলিশ বিভ্রান্তিতে পড়েছিল। পরে ফটিকছড়ি থেকে লোক এনে তাঁকে শনাক্ত করা হয়। গতকাল সোমবার বিকেলে তাঁকে ফটিকছড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবুল আক্তার বলেন, ‘জিজ্ঞাসাবাদে সুলতান ড্রাইভার জানিয়েছেন, জামালউদ্দিনকে অপহরণের পর ফটিকছড়ির চারাবটতল এলাকায় তাঁকে গ্রহণ করেন তিনি (সুলতান)। পরে জামালউদ্দিনকে কাঞ্চননগরের গহিন পাহাড়ে নিয়ে যান। গুলি করে হত্যার আগ পর্যন্ত সুলতান ড্রাইভার, কালা মাহবুব, লম্বা মাহবুব ও টেংরা ওসমান জামালউদ্দিনের সঙ্গে ছিলেন। বিদেশে পলাতক কাশেম চেয়ারম্যানের নির্দেশে জামালউদ্দিনকে হত্যা করা হয়। কাশেম চেয়ারম্যানের সহযোগী ছিলেন বলি মনসুর ও ওসমান।’
সুলতান ড্রাইভার পুলিশকে জানান, ২০০৫ সাল থেকে নাম-পরিচয় গোপন করে তিনি কক্সবাজারে রিকশা চালানো শুরু করেন। পরে কিছুদিন তরকারির ব্যবসা করেন। এরপর একটি দোকানে চাকরি নেন। আত্মীয়স্বজন সবাই জানতেন তিনি বিদেশে আছেন।
২০০৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম নগরের চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগরের চান্দগাঁও এলাকার বাসায় ফেরার পথে অপহূত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ও ব্যবসায়ী জামালউদ্দিন। পরে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করে।
২০০৫ সালের ২৪ আগস্ট আসামি কালা মাহবুব ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় গহিন পাহাড়ে জামালউদ্দিনের কঙ্কাল দেখিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এ ঘটনায় জামালউদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা বাদী হয়ে মামলা করেন। ২০০৬ সালের ২০ জুলাই চট্টগ্রামের অপহরণকারী চক্রের অন্যতম হোতা কাশেম চেয়ারম্যানসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। কিন্তু ঘটনার মূল হোতা সরওয়ার জামাল নিজাম ও তাঁর ভাই মারুফ নিজামকে অভিযুক্ত না করায় বাদী আদালতে নারাজি দেন।
আদালত মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিলে ২০০৬ সালের ১৬ আগস্ট আগের ১৬ জনকেই আসামি করে ফের অভিযোগপত্র দেয় সিআইডি। বাদী এই অভিযোগপত্রের বিরুদ্ধেও নারাজি দেন। পরে উচ্চ আদালতের নির্দেশে নারাজি শুনানি স্থগিত হয়ে আছে। আসামিদের মধ্যে শহীদ চেয়ারম্যান ছাড়া অন্যরা জামিনে ও পলাতক রয়েছেন।