চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের জামালখানে দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। গত মঙ্গলবার এই এলাকার একটি ভবনের কাঠামো নকশাবহির্ভূত হওয়ায় ভেঙে দেয় সিডিএ।
জামালখান এলাকার দোকানিদের অভিযোগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নোটিশ না দিয়ে আকস্মিকভাবে একটি ভবনের কাঠামো ভেঙে দেয়। এতে ওই ভবনের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। নোটিশ দিলে এই ক্ষতির মুখে পড়তে হতো না।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জামালখানের ডা. খাস্তগীর স্কুল থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত সব দোকান এবং চেরাগী পাহাড়সংলগ্ন মোমিন রোডেও কিছু দোকান বন্ধ রাখা হয়।
কর্মসূচির খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিল শৈবাল দাশ জামালখানে গিয়ে দোকানিদের সঙ্গে কথা বলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘জামালখান এলাকায় তিন শতাধিক দোকানি রয়েছেন। কিন্তু তাঁরা মোটা অঙ্কের সেলামি দিয়ে দোকান খুলেছেন। যদি নকশাবহির্ভূত কাঠামো তৈরি হয়, সেটার জন্য প্লটের মালিক ও আবাসন প্রতিষ্ঠান দায়ী। দোকানি কোনোভাবে দায়ী নয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নকশাবহির্ভূত কাঠামো উচ্ছেদ করেছে। দোকানিদের চিঠি দিয়ে জানালে এই সমস্যা হতো না।’
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা হলে অনুমোদনহীন অংশ ভাঙা হবে। বহুতল ভবনের পার্কিংয়ের জায়গায় দোকান বা রেস্তোরাঁ করা হলে উচ্ছেদ করতেই হবে। এ ব্যাপারে কোনো ছাড় নয়। কারণ পার্কিংয়ের জায়গায় দোকান ভাড়া দেওয়া হলে ভবনের সামনে রাস্তার ওপর গাড়ি পার্কিং করে রাখা হয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।