জামালখানে নতুন ফোয়ারার উদ্বোধন করলেন মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরের ৪১টি ওয়ার্ডে পরিকল্পিত উপায়ে সৌন্দর্যবর্ধন করা হবে। পুরো নগরকেই ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করা হবে। নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জামালখানের এম এ হাসেম চত্বরে নবনির্মিত ফোয়ারার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
আ জ ম নাছির বলেন, বাসাবাড়ি, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরাসরি বর্জ্য সংগ্রহের (ডোর টু ডোর) জন্য এখন বিন (ময়লা রাখার পাত্র) বিতরণ করা হচ্ছে। বিন বিতরণ শেষ হলেই বর্জ্য সংগ্রহের কাজ শুরু হবে। এ বছরের মধ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৯-এর সাংসদ জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চট্টগ্রামকে একটি সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরে পরিণত করতে চাই। একে সৌন্দর্যের নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে জামালখানের এম এ হাসেম চত্বরে ফোয়ারা নির্মাণ করা হয়েছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, এম এ হাসেমের ছেলে গোলাম মোস্তফা।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংসদ জিয়া উদ্দিন আহমেদের আর্থিক সহায়তায় ও তাঁর পরিকল্পনায় এ ফোয়ারাটি নির্মাণ করা হয়েছে।