জামালগঞ্জ বাজারে ধর্মঘট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রানা আহম্মদকে (৪২) গুলি করার ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার মূল হোতাকে চিহ্নিত করলেও তাঁকে আটক করতে পারেনি।
বিএনপির নেতা ও ব্যবসায়ী রানা আহম্মদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালগঞ্জ বাজারের ব্যবসায়ীরা আজ বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাজারের ব্যবসায়ী আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘রানা আহম্মদকে দিনদুপুরে তাঁর বাসার সামনে থেকে ডেকে নিয়ে দুই পায়ে গুলি করেছে। পুলিশ প্রাথমিক তদন্তে সোহাগ ও সজীব নামে দুজনের ঘটনার সঙ্গে সম্পৃক্তা পেয়েছে। অথচ তাঁদের এখনো গ্রেপ্তার করার চেষ্টা হয়নি। এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জামালগঞ্জ বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করা হবে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় বলেন, রানা আহম্মদকে গুলি করার ঘটনায় এখনো মামলা হয়নি। ওই ঘটনার মূল হোতা সোহাগকে আটকের চেষ্টা করা হচ্ছে।
গত সোমবার দুপুরে রানা আহাম্মদকে গুলি করলে লোকজন তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।
রানার স্ত্রী সাংবাদিকদের জানান, রানার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় মামলা করতে পারেননি। তবে তাঁরা মামলা করবেন।