জামালগঞ্জ-মিঠাপুর বিশ্ব বাঁধ সড়কটি যেন মরণফাঁদ

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের বিশ্ব বাঁধের সড়কটি খানাখন্দ আর ভেঙে এমন হয়েছে যে যানবাহন ও মানুষ চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পরেছে। জামালগঞ্জ মোড় হতে মিঠাপুর বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ সড়কটি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলজিইডির ঠেলাঠেলিতে প্রায় ১৪ বছর ধরে সংস্কারহীন। বর্তমানে অবশ্য সড়কটি স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এসেছে।
উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে মিরাট ইউনিয়নের অবস্থান। এখানে স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসা ও বাজার গড়ে উঠলেও ভঙ্গুর যোগাযোগব্যবস্থার কারণে এলাকাবাসী এসব প্রতিষ্ঠান থেকে আশানুরূপ সুবিধা নিতে পারছেন না। নদী আর বিলবেষ্টিত এলাকা হওয়ায় উপজেলা সদরের সঙ্গে এই ইউনিয়নের বাসিন্দাদের সরাসরি চলাচলের কোনো উপায় নেই। নওগাঁ পাউবোর বন্যানিয়ন্ত্রণ বাঁধ কাম সড়কটিই এই ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের একমাত্র সহায়। তবে বর্ষায় নৌকা দিয়েই চলাচল করেন এই জনপদের লোকজন। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এ এলাকার কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে মারাত্মক বিপাকে পড়েন কৃষকেরা। মহাজনদের পাওনা ও পারিবারিক খরচ মেটাতে পানির দামে ধান, ভুট্টাসহ অন্যান্য উৎপাদিত ফসল ফরিয়াদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন তাঁরা।
এই সড়ক দিয়ে প্রতিনিয়ত মিরাট, ধনপাড়া, হামিদপুর, বৈঠাখালী, আতাইকুলা, হরিশপুর, আত্রাই উপজেলার কালিকাপুর, বান্দাইখাড়া, নন্দনালী, শুটকিগাছাসহ কয়েকটি গ্রামের অধিবাসীরা যাতায়াত করেন। বর্তমানে সড়কের ইট ও মাটি উঠে আর বোঝার উপায় নেই এটি যে একসময় পাকা সড়ক ছিল। রাতে এই রাস্তা দিয়ে চলাই বিপদ। তারপরও বাধ্য হয়ে এলাকাবাসীকে এই সড়কটিই ব্যবহার করতে হয়।
মিরাট ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ‘এই ইউনিয়ন নদী আর বিলবেষ্টিত হওয়ায় যোগাযোগব্যবস্থা একেবারেই নাজুক। পাউবোর বাঁধ কাম পাকা সড়কটিই আমার ইউনিয়নবাসীর যোগাযোগের একমাত্র ভরসা। জামালগঞ্জ-মিঠাপুর বাজার পর্যন্ত এই বাঁধ কাম সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। জনস্বার্থে আমি সড়কটি কয়েক দফা মেরামতের উদ্যোগ নিয়েও নানা কারণে তা পারিনি। সড়কটি পুনর্নির্মাণ একান্ত জরুরি।’
রানীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাইদুর রহমান মিঞা বলেন, জামালগঞ্জ-মিঠাপুর সড়ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র দেওয়া আছে। বরাদ্দ পাওয়ামাত্রই সংস্কারকাজ শুরু করা হবে।