সুনামগঞ্জে জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে রোববার জেলা শহরে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এনামুল কবিরকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করার পর থেকে দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদার সমর্থক নেতা-কর্মীরা এই নিয়োগ বাতিল করে তাঁকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। আর এনামুল কবিরের পক্ষের নেতা-কর্মীরা এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন।গতকাল সোমবার এই নিয়োগ বাতিলের দাবিতে জামালগঞ্জ উপজেলা সদরে নুরুল হুদার সমর্থকেরা মিছিল বের করলে তাতে ধাওয়া করেন এনামুল কবিরের সমর্থকেরা। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মিছিল পণ্ড হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালগঞ্জের বাসিন্দা রেজাউল করিম শামীম জানান, একপক্ষ মিছিল বের করলে অন্য পক্ষ বাধা দেয়। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।